বেসরকারি সংস্থাগুলোকে স্বাস্থ্য খাতে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০২ জুন ২০১৫
ফাইল ছবি

বেসরকারি সংস্থাগুলোকে স্বাস্থ্য খাতে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেসরকারি সংস্থাগুলো সরকারের সাথে সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসলে স্বাস্থ্য খাতে আরো কার্যকরী উদ্যোগ নেয়া সম্ভব। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেশন মেকানিজম-এর ওয়েবসাইট উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, স্বচ্ছতার সাথে কাজ করে সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক অগ্রগতি সাধিত করেছে। বাংলাদেশ এখন পোলিও মুক্ত। ম্যালেরিয়া, যক্ষ্মাও নির্মূলের পথে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অনেক।

মোহাম্মদ নাসিম বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার গত ছয় বছরে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে যার সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। কিছু দুর্গম অঞ্চল ছাড়া বাংলাদেশে ম্যালেরিয়ার প্রকোপ এখন নাই বললেই চলে। যক্ষ্মার মতো মরণব্যাধির হাত থেকেও বাংলাদেশ অনেকটাই মুক্ত। এসব ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় সরকার আরো কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায়।

তিনি বলেন, আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসসহ ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকগুলোর সাফল্য আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসা কুড়াচ্ছে। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাতের সূচকগুলোকে আরো ঊর্ধ্বমুখী করতে গ্লোবাল ফান্ডের সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।