দুটি বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন-পানামা উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
পানামা বন্দর/ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা সিকে হাচিসনের চুক্তি বাতিল করেছে। পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসন এসব তথ্য জানিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সিকে হাচিসন জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দপ্তর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং, চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দপ্তরটি আরও দাবি করেছে, ন্যায্য ও সুবিচারভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে।

এতে সতর্ক করে বলা হয়, যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক-উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে। এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনা বিবৃতিতে বলা হয়, একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে।

উল্লেখ্য, পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালিত হয়। খালটির নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র, যা প্রায় এক শতাব্দী পরিচালনার পর ১৯৯৯ সালে পানামার কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: আল-জাজিরা

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।