ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমলো না বাড়লো?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ২০২৬–২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণা/ ছবি: সংসদ টিভি

২০২৬–২৭ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছে ভারত। এই বাজেটে বাংলাদেশের জন্য অনুদান হিসেবে ৬০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদান বরাদ্দ করেছিল ভারত। তবে দেশটির সংশোধিত বাজেটে দেখা যায়, বছর শেষে এই অনুদানের পরিমাণ ছিল আনুমানিক ৩৪ কোটি ৪৮ লাখ রুপি।

অর্থাৎ ভারতের প্রাথমিক বাজেট ঘোষণার সঙ্গে তুলনা করলে নতুন অর্থবছরে বাংলাদেশের জন্য বরাদ্দ অনুদান ৫০ শতাংশ কমেছে। তবে গত অর্থবছরে দেশটির দেওয়া প্রকৃত অনুদানের তুলনায় এর পরিমাণ প্রায় ৭৪ শতাংশ বেশি।

আরও পড়ুন>>
ভারতে বাজেট ঘোষণা/ কোন কোন পণ্যের দাম বাড়লো-কমলো?
যুক্তরাষ্ট্রের চাপে ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করলো ভারত

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্যই সবচেয়ে কম বরাদ্দ রেখেছে ভারত।

ভারতের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পাচ্ছে ভুটান। দেশটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৯ কোটি রুপি, যা আগের অর্থবছরের ২ হাজার ১৫০ কোটি রুপির চেয়ে বেশি।

এছাড়া নেপালের জন্য ৮০০ কোটি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি ও আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত। বরাবরের মতোই পাকিস্তানের জন্য কোনো অনুদান নেই।

এর বাইরে মিয়ানমারের জন্য ৩০০ কোটি, আফ্রিকান দেশগুলোর জন্য ২২৫ কোটি, লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ১২০ কোটি, মরিশাসের জন্য ৫৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে এবারের বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্যও কোনো বরাদ্দ রাখেনি ভারত। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও চাবাহার প্রকল্পে ভারতের জন্য ছয় মাসের ছাড় দিয়েছিল ওয়াশিংটন, যার মেয়াদ শেষ হচ্ছে ২৬ এপ্রিল।

চলতি অর্থবছরে ভারত বিশ্বের বিভিন্ন দেশের জন্য মোট ৫ হাজার ৬৮৬ কোটি রুপি অনুদান বরাদ্দ দিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের পার্লামেন্টে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটি তার উপস্থাপিত নবম বাজেট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।