মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি। ছবি: এএফপি (ফাইল)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারের অংশবিশেষ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করবো না। তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত হানবো।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। ওমানে দুপক্ষের পরোক্ষ আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন, ইরান নিয়ে ‘খুব ভালো আলোচনা’ করেছে ওয়াশিংটন, যা উত্তেজনা বৃদ্ধি এড়াতে পারবে।

ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়েও আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরান মনে হচ্ছে একটি চুক্তি করতে চায়।

তিনি আরও বলেন, আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে আবার দেখা করতে যাচ্ছি। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে ‘মিডনাইট হ্যামার’ অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না।

গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।