আলবেনিয়ায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার (১০ ফেব্রুয়ারি) আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ/ ছবি: এএফপি

দুর্নীতির অভিযোগে আলবেনিয়া সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটভ ককটেল ও ফ্লেয়ার নিক্ষেপ করে। পরে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে জবাব দেয়। পরে তিরানার পার্লামেন্ট ভবনের কাছেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন ও ঘটনাস্থল থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আহতরা পুলিশ, বিক্ষোভকারী নাকি উভয় পক্ষের- তা নিয়ে ভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে আলবেনিয়ায় বিরোধী দলের ডাকা একের পর এক সরকারবিরোধী বিক্ষোভের সর্বশেষটি হলো মঙ্গলবারের (১০ জানুয়ারি) এই সহিংস প্রতিবাদ।

দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত গত নভেম্বর থেকে, যখন প্রসিকিউটররা অভিযোগ তোলেন যে আলবেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও জ্বালানি-অবকাঠাম্যমন্ত্রী বেলিন্ডা বাল্লুকু সরকারি নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন। অভিযোগের পর মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হলেও পরের মাসে প্রধানমন্ত্রীর অনুরোধে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

এখন বিক্ষোভকারীরা রামা ও বাল্লুকু- উভয়ের পদত্যাগ চান। তারা আরও দাবি করছেন, বাল্লুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংসদ যেন তার বিশেষ আইনি সুরক্ষা স্থগিত করে।

মঙ্গলবারের বিক্ষোভে পুলিশ মোতায়েন ছিল ১ হাজার ৩০০ জনেরও বেশি। এর মাত্র দুই সপ্তাহ আগেই তিরানায় আরেকটি সহিংস বিক্ষোভ ঘটে।

উভয় বিক্ষোভের ডাক দেন বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সালি বেরিশা। তিনি মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, এসব বিক্ষোভ দেখাচ্ছে যে আলবেনিয়ায় একটি ‘শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান’ শুরু হয়েছে। তবে বেরিশাও অতীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক মেন্টর কিকিয়া এপিকে বলেন, আলবেনিয়ার সরকার ও বিরোধী দল দু’পক্ষই নাগরিকদের কাছে সমানভাবে অবিশ্বাসের জায়গা তৈরি করেছে। নাগরিকরা দীর্ঘদিন ধরে কম খারাপকে ভোট দিয়ে বেশি খারাপকে সরানোর চেষ্টা করেছে। এখন জনমনে ধারণা যে রামা গেলে বেরিশা ফিরে আসবেন।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।