জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি

মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত একটি গণমাধ্যম এক বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধু একটি রাজনৈতিক চ্যালেঞ্জ নয় বরং মার্কিন জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নীতির নেতিবাচক প্রভাব মোকাবিলার একমাত্র উপায় হলো কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য তৈরি করা এবং ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আনা।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট বা এমনকি কোনো বিদেশি শত্রুও দেশটির নিরাপত্তা ব্যবস্থা, হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতার ওপর এতটা ক্ষতিকর প্রভাব ফেলেনি যতটা ট্রাম্প ফেলেছেন।

প্রতিবেদনটির লেখকের মতে, ট্রাম্পের নীতিগুলোর ফলে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সামনে আরও দুর্বল হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়ায় এসব দেশের নেতারা এতে সন্তোষ প্রকাশ করছে বলেও উল্লেখ করা হয়েছে।

‘দ্য হিল’ আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা খাতে ব্যাপকভাবে অভিজ্ঞ ও দক্ষ জনবল ছাঁটাই করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেওয়া হয়েছে, যা এসব প্রতিষ্ঠানের মূল দায়িত্ব ও লক্ষ্য থেকে বিচ্যুতির স্পষ্ট ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তাদের সরিয়ে দিয়ে ট্রাম্প-সমর্থক ও রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এর ফলে নিরাপত্তা সংস্থাগুলো প্রকৃত নিরাপত্তা হুমকির পরিবর্তে রাজনৈতিক ও ব্যক্তিগত এজেন্ডাভিত্তিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এতে একদিকে গুরুত্বপূর্ণ সম্পদের অপচয় হয়েছে, অন্যদিকে বাস্তব নিরাপত্তা ঝুঁকির প্রতি মনোযোগ কমে গেছে।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের ভূমিকা যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মিত্র দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্য শুল্ক আরোপ, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি, ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করার মতো পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।

‘দ্য হিল’ লিখেছে, বর্তমান বিশ্ব বিচ্ছিন্নতা এবং স্বয়ংসম্পূর্ণতার বিশ্ব নয়। যুক্তরাষ্ট্রকে তার নিরাপত্তা বজায় রাখার জন্য মিত্রদের একটি নেটওয়ার্কের প্রয়োজন রয়েছে। এককভাবে কোনো দেশই আজকের বৈশ্বিক বাস্তবতায় নিজ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

এই পরিস্থিতিতে সমাধান হিসেবে পত্রিকাটি কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের শক্তিশালী ভূমিকার মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য তৈরি করাই হতে পারে এই সংকট মোকাবিলার কার্যকর পথ। এতে করে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব যেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি বৃহৎ ও স্থায়ী হুমকিতে রূপ না নেয়, সেটাই নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে ‘দ্য হিল’।

সূত্র: পার্স ট্যুডে

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।