গ্যালাপ জরিপ
ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। গ্যালাপ জরিপে এমন চিত্র উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন ৪১ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করছেন যার বিপরীতে ৩৬ শতাংশ মার্কিনি ইসরায়েলিদের প্রতি সহানুভূতির কথা জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের আগে এই চিত্রটি বেশ ভিন্ন ছিল। তখনকার জরিপে ৫৪ শতাংশ মার্কিনি ইসরায়েলের প্রতি এবং ৩১ শতাংশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের অবস্থান গত এক বছরে তেমন পরিবর্তন না হলেও আগে থেকেই ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ছিল। বর্তমানে ৬৫ শতাংশ ডেমোক্র্যাট ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, আর ১৭ শতাংশ ইসরায়েলের পক্ষে।
এদিকে স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) ভোটারদের মধ্যে বড় পরিবর্তন দেখা গেছে। ৪১ শতাংশ স্বতন্ত্র ভোটার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, আর ৩০ শতাংশ ইসরায়েলের প্রতি। গত বছরও এই গোষ্ঠীর মধ্যে ইসরায়েলের প্রতি সহানুভূতি বেশি ছিল (৪২ শতাংশ বনাম ৩৪ শতাংশ)।
রিপাবলিকানদের মধ্যে এখনও ৭০ শতাংশ ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন যেখানে মাত্র ১৩ শতাংশ ফিলিস্তিনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে। তবে ২০২৪ সালের তুলনায় রিপাবলিকানদের মধ্যে ইসরায়েল-সমর্থন ১০ পয়েন্ট কমেছে যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। দলটির ভেতরেও বিষয়টি নিয়ে মতভেদ বাড়ছে।
২০০১ সালের পর এই প্রথম ১৮ থেকে ৩৪ বছর বয়সী মার্কিনিদের সংখ্যাগরিষ্ঠ অংশ ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতি জানিয়েছেন। এই বয়সী গোষ্ঠীর মধ্যে মাত্র ২৩ শতাংশ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন। গত বছর এই হার ছিল ৪৫ শতাংশ, যা এখন নেমে এসেছে ২৮ শতাংশে।
অন্যদিকে, ৫৫ বছরের বেশি বয়সিদের মধ্যে ৪৯ শতাংশ ইসরায়েলের প্রতি এবং ৩১ শতাংশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়েছেন। ২০০৫ সালের পর এই প্রথম বয়স্কদের মধ্যে ইসরায়েল-সমর্থন ৫০ শতাংশের নিচে নেমেছে।
পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ১০ জনে ৬ জন মার্কিনি সমর্থন জানিয়েছেন। ২০২০ সাল থেকে এ হার প্রায় একই রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে হামলায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছে। গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
সূত্র: আল-জাজিরা
কেএম