টাকা নিতে হুড়োহুড়ি

বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত/ছবি: এএফপি (ফাইল)

বলিভিয়ায় একটি সামরিক কার্গো প্লেন বিধ্বস্তের ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বলিভিয়ার রাজধানীর কাছে কেন্দ্রীয় ব্যাংকের টাকা বহনকারী সামরিক কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়। সে সময় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজন রাস্তায় ছড়িয়ে পড়া টাকা নিতে হুড়োহুড়ি শুরু করে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় অগ্নিনির্বাপক প্রধান পাভেল টোভার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তিরা প্লেনের যাত্রী নাকি লা পাজের বিমানবন্দরের কাছে মহাসড়কে যানবাহনের যাত্রী ছিলেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন, আহতের সংখ্যাও বেশি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিমানটি লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে যানবাহনে আঘাতের পর একটি মাঠে বিধ্বস্ত হয়। সে সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল সে বিষয়টি স্পষ্ট নয়।

প্লেনের আঘাতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মরদেহ রাস্তায় ছিটকে পড়তে দেখা গেছে। টোভার জানিয়েছেন, কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা প্লেনের আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

বলিভিয়ার বিমান বাহিনীর অন্তর্গত হারকিউলিস প্লেনটি ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট সরবরাহের কাজে নিযুক্ত ছিল এবং দুর্ঘটনার পর চারদিকে প্রচুর পরিমাণে নোট ছড়িয়ে ছিটিয়ে ছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লোকজন টাকা সংগ্রহের জন্য ছুটে আসছে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। কর্তৃপক্ষ টার্মিনালে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।