ইসরায়েল সফরে মোদী: হাজার কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদী/ছবি: এক্স

মধ্যপ্রাচ্যের বিষফোড়া খ্যাত ইসরায়েল সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে জন্য ইসরায়েলে পৌঁছেছেন তিনি। মোদীর ইসরায়েল সফরের মূল লক্ষ্য হচ্ছে ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। তবে এ সফরে বিশেষভাবে নজর থাকবে দুই দেশের প্রতিরক্ষা চুক্তি নিয়ে। 

সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি 

দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে ৮০০ থেকে ১০০০ কোটি মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশের আলোচনার লক্ষ্য ইসরায়েলের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান উপাদানের ওপর চুক্তি করা। এর মধ্যে রয়েছে- অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম যার নির্মাতা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস। চুক্তিতে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড সিলিং এবং রাফায়েল আয়রন ডোম। এছাড়াও প্রতিরক্ষা চুক্তির আওতায় এলবিট-এর হারমেস-৯০০ ড্রোন কেনার ওপরও আলোচনা হবে।

প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে- রাফয়েল এর নির্মিত স্পাইস ১০০০ গাইডেন্স কিট, এলবিটের র‍্যামপেজ এয়ার টু গ্রাউন্ড মিসাইল, আইস ব্রেকার নেভাল ক্রুজ মিসাইল এবং এয়ার লরা সুপারসনিক মিসাইল।

বর্তমানে আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়ার এস-৪০০ ব্যবহার করছে ভারত। রুশ এস-৪০০ বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচিত। গত বছরের ভারত-পাকিস্তান সংঘর্ষে এই সিস্টেম কার্যকারিতা প্রমাণ মিলেছে।

বিশাল এই প্রতিরক্ষা চুক্তির সঙ্গে ইসরায়েল সম্ভবত ভারতের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য দিতে পারে। সব মিলিয়ে মোদির এই সফর ভারতের দূরপাল্লার ব্যালিস্টিক, মাঝারি ও ছোট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য স্টেটসম্যান/জেরুজালেম পোস্ট

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।