নিউইয়র্কে যাত্রীবাহী প্লেন-ট্রাকের সংঘর্ষ, পাইলট ও কো-পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৩ মার্চ ২০২৬
রোববার (২২ মার্চ) নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ট্রাকের সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ মডেলের একটি উড়োজাহাজ সংঘর্ষ ঘটে/ ছবি: এএফপি

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের পরপরই রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটের দিকে লাগার্ডিয়া বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের ‘বোম্বারডিয়ার সিআরজে-৯০০’ মডেলের প্লেনটির সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্লেনটি অবতরণ করে গেটের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফায়ার সার্ভিসের ওই ট্রাক পুলিশ সদস্যরা পরিচালনা করছিলেন। দুর্ঘটনার সময় প্লেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এর আগে জানানো হয়েছিল, একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। কিছু ফুটেজে প্লেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্রও দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ দুর্ঘটনার পরপরই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের প্লেন ওঠানামা স্থগিত ঘোষণা করে। বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে, সব আগত ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হয় সেগুলোকে উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।