ঈদের তৃতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দেড় লাখ দর্শনার্থীর সমাগম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২৬
জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচেপড়া ভিড়। ছবি-সাইফুল হক মিঠু

ঈদুল ফিতরের তৃতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীর উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে চিড়িয়াখানা প্রাঙ্গণ। এদিন প্রায় দেড় লাখের মতো দর্শনার্থী প্রবেশ করেন।

সোমবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায়, মিরপুর-১ থেকে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত সড়কে তীব্র যানজট। সড়ক ও ফুটপাতে হকারদের দখলে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে অনেক দর্শনার্থী প্রায় এক কিলোমিটার পথ হেঁটে চিড়িয়াখানায় প্রবেশ করেন।

নারায়ণগঞ্জ থেকে স্ত্রী ও ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে আসেন ব্যবসায়ী শামীম হোসেন। তিনি বলেন, মিরপুর-১ পর্যন্ত যাত্রা স্বাভাবিক থাকলেও এরপরই শুরু হয় ভোগান্তি। যানজটে আটকাপড়ায় অনেকে বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে হেঁটে গন্তব্যে যান। তবে কষ্টের এই অভিজ্ঞতা চিড়িয়াখানায় ঢোকার পর অনেকটাই ভুলে যান।

তিনি বলেন, প্রতি বছরই চিড়িয়াখানায় আসি, কিন্তু এত ভিড় আগে দেখিনি। এত কষ্ট করে এলেও ভেতরে ঘুরে সব ভোগান্তি ভুলে গেছি। হরিণ, বাঘ, ভাল্লুক দেখে মেয়েটা খুব আনন্দ পেয়েছে। আগামী বছর আবার আসবো।

দূর-দূরান্ত থেকেও এসেছেন দর্শনার্থীরা। মুন্সিগঞ্জ থেকে আসা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মনিকা জানায়, ময়ূর দেখে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে সে। চিড়িয়াখানা থেকে বের হয়ে ২০ টাকায় ময়ূরের পেখমও কিনেছে।

প্রধান ফটক থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত ছিল দীর্ঘ সারি। ভেতরে প্রবেশ করলে দেখা যায় বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও বানরসহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে উপচেপড়া ভিড়। শিশুরা কৌতূহলী দৃষ্টিতে প্রাণীগুলো দেখছে এবং অভিভাবকদের নানা প্রশ্ন করছে। অনেকে স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত ছিলেন ছবি ও ভিডিও ধারণে।

দর্শনার্থী শিমুল হাসান বলেন, দুদিন কোথাও যেতে পারিনি। আজ বাচ্চাদের নিয়ে বের হয়েছি। ভিড় একটু বেশি, কিন্তু আনন্দটা অন্যরকম।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদের দিন প্রায় ৮০ হাজার দর্শনার্থী এসেছিলেন। ঈদের দ্বিতীয় দিন প্রায় ২ লাখ দর্শনার্থী আসেন। আর তৃতীয় দিনেও দেড় লাখের মতো দর্শনার্থী প্রবেশ করেন। 

এসএম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।