মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘ভয়াবহ মূল্য’ দিচ্ছে শিশুরা: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৪ মার্চ ২০২৬
মিনাব শহরের তায়্যিবাহ স্কুলে মার্কিন হামলায় নিহত শিশুদের স্মরণে ফুলেল শ্রদ্ধা /ছবি: তাসনিম

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘ভয়াবহ মূল্য’ দিচ্ছে শিশুরা। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত দুই হজার ১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।

ইউনিসেফের তথ্যমতে- যৌথ হামলায় ইরানে ২০০-এর বেশি শিশু নিহত এবং লেবাননে ১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, মাত্র ২৩ দিনের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের শিশুরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও বিস্তৃত বা দীর্ঘমেয়াদি হয়, তাহলে তা ‘কোটি কোটি শিশুর জন্য বিপর্যয়কর’ হয়ে উঠতে পারে।

সহিংসতার কারণে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু ইরানেই প্রায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।

সংস্থাটি আরও জানায়, টানা বোমাবর্ষণে স্কুল, হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে শিশুদের বেঁচে থাকা এবং মৌলিক সেবা পাওয়ার সুযোগ আরও ঝুঁকির মুখে পড়েছে।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের শঙ্কা তৈরি করছে এবং পুরো অঞ্চলে মানবিক সংকটকে আরও গভীর করছে।

ফেব্রুয়ারি ২৮ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া সামরিক অভিযানের ফলে শুধু ইরানে বেসামরিক হতাহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।