২০ হাজার কোটি ডলার

যুদ্ধ তহবিলে স্যান্ডার্সের ‘না’: ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স/ছবি: আনাদোলু এজেন্সি

ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত ২০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল ‘কখনোই সমর্থন করবেন না’ বলে জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে তিনি একটি প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘অবশ্যই না… আমরা কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ আপত্তি প্রস্তাব আনব, যা ইসরায়েলে পাঠানো ২০ হাজার বোমা ও বুলডোজার বন্ধ করবে।’

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রই এই যুদ্ধ শুরু করেছে… এটি মধ্যপ্রাচ্যে ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করছে।’

স্যান্ডার্স আরও বলেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে এবং সাধারণ আমেরিকানরা অর্থনৈতিক চাপের মুখে পড়ছে। তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে, মানুষ উদ্বিগ্ন’।

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন এই সিনেটর। ইসরায়েলের গাজা অভিযানকে তিনি ‘ধ্বংসাত্মক’ উল্লেখ করে বলেন, ‘এ ধরনের মিত্রের সঙ্গে কাজ করা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধের ব্যয় ‘শত শত বিলিয়ন ডলার’ ছাড়িয়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের জনগণের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।