স্থল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে সংঘাত থামাতে আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান।
রোববার ইরান জানায়, একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার বার্তা দিচ্ছে, অন্যদিকে গোপনে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কোয়ালিবাফ বলেন, মার্কিন সেনা মোতায়েন করা হলে তেহরান তার জবাব দিতে প্রস্তুত।
তিনি বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের আত্মসমর্পণ চায়, আমাদের জবাব হবে—আমরা কখনো অপমান মেনে নেবো না।
এদিকে, পাকিস্তানের উদ্যোগে আয়োজিত বৈঠকে দেশটির পাশাপাশি সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেওয়ার কথা রয়েছে। এক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধে উপায় খোঁজাই এই বৈঠকের উদ্দেশ্য।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইরান-সমর্থিত হুথি শনিবার প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্যের ওপর নতুন ঝুঁকি তৈরি হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে হাজার হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, দুটি দফার মধ্যে প্রথম দলটি শুক্রবার একটি উভচর হামলা জাহাজে করে পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, এসব পরিকল্পনায় বিশেষ অভিযান বাহিনী এবং নিয়মিত পদাতিক সেনাদের অংশগ্রহণে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিকল্পনা অনুমোদন করবেন কিনা, তা এখনো অনিশ্চিত বলে উল্লেখ করা হয়েছে, যা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করায়, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে থেকে হাজার হাজার সৈন্য ওই অঞ্চলে পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
সূত্র: রয়টার্স
এমএসএম