৮৮তম প্রতি আক্রমণ

ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

মধ্যপ্রাচ্যে একাধিক দ্রুত ও নির্ভুল (ব্লিটজ) আক্রমণের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনী। ইরানের ৮৮ তম প্রতি আক্রমণে তাদেরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসলামী বিল্পবী গার্ড (আইআরজিসি) এর নৌবাহিনী।

যৌথ বাহিনীর জাহাজ, সামরিক সমাবেশ এবং রাডার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আজ ভোরে তাদের নৌবাহিনীর সাহসী যোদ্ধারা চারটি ‘ব্লিটজ’ অভিযান সফলভাবে পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৮তম ধাপে আইআরজিসি নৌবাহিনী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শক্তিশালী ও সিদ্ধান্তমূলক আঘাত হেনেছে।

পারস্য উপসাগরের কেন্দ্রীয় জলসীমায় ‘এক্সপ্রেস হাফলং’ নামের একটি জায়নিস্ট শাসনাধীন কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর এই আকস্মিক হামলায় জাহাজটি প্রায় অচল হয়ে পড়েছে।
এছাড়া দ্বিতীয় এক যৌথ অভিযানে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি মার্কিন মেরিন বাহিনীর সমাবেশস্থলে নির্ভুল ড্রোন হামলা চালানো হয়েছে। জানা গেছে, এই সমাবেশস্থলটি আইআরজিসির বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভয়ে সামরিক ঘাঁটির বাইরে গোপনে স্থাপন করা হয়েছিল।

অভিযানের আরেক অংশে, বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এতে একটি হক অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এছাড়া, আহমদ আল-জাবের ঘাঁটিতে অবস্থিত দুটি উন্নত সতর্কীকরণ রাডার ব্যবস্থাও আইআরজিসির ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়্যেদ মোজতবা খামেনির নির্দেশ অনুযায়ী এই জলপথ নিরাপদ রাখা হয়েছে। তার নির্দেশে অনুযায়ী, শত্রুপক্ষের জাহাজ দেখার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিক বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।