পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস না পেয়ে খালি সিলিন্ডার নিয়ে সড়ক অবরোধ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
পশ্চিমবঙ্গে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ

পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় খালি সিলিন্ডার রেখে তারা এই কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (৩১ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চন্ডিপুর এলাকায় তেঁতুলিয়া ও মসলন্দপুর সড়কে এই ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে বুকিং করেও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দ্বিগুণ দাম দিয়েও গ্যাস মিলছে না। এমনকি কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘদিন ধরে গ্যাস সংকট এবং ডিস্ট্রিবিউটরদের আচরণের প্রতিবাদেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।

আরও পড়ুন>>
পশ্চিমবঙ্গে গ্যাস সংকটে খাদ্যাভ্যাস বদলে ফেলছে মানুষ, ব্যবসাতেও ধস
পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের জন্য হাহাকার, থানার সামনে বিক্ষোভ
পশ্চিমবঙ্গে গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে রেস্তোরাঁগুলো

অবরোধের কারণে তেঁতুলিয়া ও মসলন্দপুর সড়কে কিছু সময় যানজট সৃষ্টি হয়। পরে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুরোধে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারী সাহিদুল ইসলাম বলেন, ‘বুকিংয়ের পরেও গ্যাস পাচ্ছি না। আমি যে গ্যাস বুক করেছিলাম সেটিও বাতিল করে দেওয়া হয়েছে।’

আরেক বিক্ষোভকারী মোহাম্মদ হান্নান আলী বলেন, ‘তিনদিন ধরে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাইনি। ডিস্ট্রিবিউটর বারবার আশ্বাস দিলেও গ্যাস দিচ্ছে না। ১৫ দিন আগে বুক করেও এখনো পাইনি। যারা বাড়িতে গ্যাস সরবরাহ করতো, তারাও এখন বন্ধ করে দিয়েছে।’

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।