হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬
ছবি: আনাদোলু এজেন্সি

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক উদ্যোগকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (৩১ মার্চ) আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার জন্য তৎপর রয়েছে, যা এই গুরুত্বপূর্ণ নৌপথে সামরিক পদক্ষেপের অনুমোদন দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউএই যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আহ্বান জানাচ্ছে, যাতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া, দেশটি সম্ভাব্য সামরিক ভূমিকা-যেমন মাইন অপসারণ অভিযান নিয়ে পর্যালোচনা করছে এবং প্রথমবারের মতো সরাসরি সংঘাতে অংশ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।

ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা নিয়ে বৈশ্বিক ঐকমত্য রয়েছে, এবং এই নৌপথে বিঘ্ন ঘটানো আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির ফলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত ২ মার্চ ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করে এবং সতর্ক করে দেয় যে সমন্বয় ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হত। তাই এই নৌ-পথে নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় তেলের দাম, শিপিং খরচ এবং বিমা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।