ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১১ এপ্রিল ২০২৬
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

ইসলামাবাদে চলমান ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ‘প্রাইমারি’ (সাধারণ বিষয়) অতিক্রম করে এখন কিছু ক্ষেত্রে ‘টেকনিক্যাল’ (কারিগরি) পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি আলোচনার মেয়াদ একদিন বাড়ানোর সম্ভাবনাও দেখা দিয়েছে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইসলামাবাদে অবস্থানরত তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদক শনিবার (১১ এপ্রিল) জানান, প্রাথমিক বৈঠক ও পরামর্শের পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ এখন সাধারণ আলোচনার সীমা ছাড়িয়ে নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত ও কারিগরি দিক নিয়ে অগ্রসর হয়েছে।

এ অনুযায়ী, উভয় পক্ষের বিশেষজ্ঞরা বিভিন্ন ইস্যুর খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।