‘টেক কোল্ড ওয়ার’

মার্কিন ‘রপ্তানি নিয়ন্ত্রণ’ প্যাকেজের বিরুদ্ধে চীনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০২৬
ছবি: সিনহুয়া

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত রপ্তানি নিয়ন্ত্রণ আইন প্যাকেজের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে গণচীন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নামে অতিরিক্ত চাপ প্রয়োগ ও রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের কঠোর বিরোধিতার কথা জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ-এর পররাষ্ট্রবিষয়ক কমিটি ‘ম্যাচ অ্যাক্ট’ ( মাল্টিল্যাটেরাল অ্যালাইনমেন্ট অব টেকনোলজি কন্ট্রোলস অন হার্ডওয়ার) আওতায় কয়েকটি রপ্তানি নিয়ন্ত্রণ বিল পাস করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এসব বিল আইন হিসেবে কার্যকর হলে তা আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে।

মুখপাত্র আরও জানান, চীন আইন প্রণয়নের প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। চীনা স্বার্থের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবে এবং দেশীয় প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্রের যে রপ্তানি নিয়ন্ত্রণ বিলগুলো নিয়ে চীন আপত্তি তুলেছে সেগুলো মূলত উচ্চপ্রযুক্তি-বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম প্রযুক্তি এবং উন্নত হার্ডওয়্যার পণ্য। এসব পণ্য বিদেশে সরবরাহ প্রক্রিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিল প্রস্তাব করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ-এর নীতিনির্ধারকদের মতে-জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রযুক্তি নিয়ন্ত্রণ জরুরি, উন্নত প্রযুক্তি সামরিক কাজে ব্যবহার হতে পারে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলো প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত সুবিধা নিতে পারে।

তবে চীনের দৃষ্টিতে-‘জাতীয় নিরাপত্তা’ অজুহাতে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এটি মুক্ত বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত এবং সেমিকন্ডাক্টর শিল্পে অস্থিতিশীলতা তৈরি হবে। একই সঙ্গে চীনা কোম্পানিগুলো বৈষম্যের শিকার হতে পারে।

সূত্র: পিপলস ডেইলি অনলাইন
কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।