প্রকাশ্যে ঘুষ নিয়ে ভাইরাল, সহকারী ভূমি কর্মকর্তা বদলি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। তবে বিভিন্ন মহলে এ বিষয়টিকে গুরু অপরাধে লঘুদণ্ড বলে সমালোচিত হচ্ছে।
গত ২২ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সেলিনা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়। সেইসঙ্গে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়।
তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি টাকা নেওয়ার ভিডিও ফুটেজ। পরবর্তীতে সরেজমিনেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে বদলির বিষয়টি লঘুদণ্ড হয়েছে। প্রকাশ্যে ঘুষগ্রহণ একটি গুরু অপরাধ।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মো. নাঈম ইসলাম/এফএ/জেআইএম