ইরান-রাশিয়ার সম্পর্ক ‘সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারত্ব’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাঘচি/ছবি: তাসনিম নিউজ এজেন্সি

মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ‘নিজেদের সামর্থ্যের সবকিছু’ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শেষে ইরান-রাশিয়ার সম্পর্ককে ‘সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারত্ব’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রুশ বার্তা সংস্থা -এর মতে, পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া এমনভাবে কাজ করবে যাতে ইরান ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ রক্ষা পায়। তিনি আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যাবে।

আল-মায়েদিন সংবাদের তথ্য মতে, পুতিন ইরানি জনগণের প্রশংসা করে বলেন, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং তিনি আশা করেন তারা বর্তমান কঠিন সময় অতিক্রম করতে পারবে।

পুতিন জানান, তিনি ইরানের নেতৃত্বের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন এবং এর জন্য তিনি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, পুতিন বলেন রাশিয়া ইরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক বজায় রাখবে এবং আরও জোরদার করবে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রচেষ্টা শুধু ইরান নয় বরং পুরো অঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষা করবে। পুতিনের সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশ করে আরাঘচি বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব। পরিস্থিতি যাই হোক না কেন, এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আল-মায়েদিনের তথ্য মতে, আরাঘচি যুদ্ধের সময় রাশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সব পক্ষেরই সামরিক সংঘাতে ফিরে যাওয়া এড়িয়ে চলা উচিত। তিনি সতর্ক করেন, নতুন করে উত্তেজনা বাড়লে তা ইরান, অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হবে।

পেসকভ আরও জানান, রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিতে প্রস্তুত এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে চায়। তিনি আবারও জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান মস্কোর সঙ্গে তার কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করবে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।