এসসিও প্রতিরক্ষা সম্মেলন
ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা’র প্রতি পূর্ণ সমর্থন চীনের
ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সমর্থন আবারও ব্যক্ত করেছে চীন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের সাইড-লাইন (চীন-ইরান) বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর (এসসিও) এবারের সম্মেলন কিরগিজিস্তানের এর রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে অনুষ্ঠিত বৈঠকে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালেই নিক এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন দ্বিপাক্ষিক আলোচনা করেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেইজিং আগের মতোই ইরানকে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন দিয়ে যাবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বন্ধে অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানায় চীন। একই সঙ্গে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সব কার্যকর প্রচেষ্টাকে সমর্থন করে। পাশাপাশি, বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দেন তিনি।
ডং জুন আরও জানান, আঞ্চলিক দেশগুলোর মধ্যে উত্তেজনা কমানো ও সম্পর্ক উন্নয়নে চীন কাজ চালিয়ে যেতে প্রস্তুত। চীন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে চায়।
কেএম