শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতে সাইকেলে ডাকসু থেকে জাকসু
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) আয়োজিত ‘জাকসু রান ২০২৬’-এ সংহতি জানাতে সাইকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্দেশে যাত্রা করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে এ যাত্রা শুরু হয়। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে সাইকেল আরোহীরা রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং আগামীকাল শুক্রবার (১ মে) ভোরে ‘জাকসু রান ২০২৬’-এ অংশগ্রহণ করবেন।
উদ্যোক্তারা জানান, বিশ্বের শ্রমজীবী মানুষের নিরন্তর পরিশ্রম ও ত্যাগের প্রতি সংহতি জানানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি পরিবেশবান্ধব যান হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানোর বার্তাও এতে তুলে ধরা হচ্ছে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, শ্রমিক দিবস শুধু উদযাপনের নয়, বরং শ্রমিকদের কষ্ট ও ত্যাগ অনুভব করার দিন। আমরা সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই সংহতি প্রকাশ করতে চাই। সমাজ সচল রাখতে প্রতিদিন যারা শ্রম দেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীকী উদ্যোগ এটি।
রানে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা পুনরায় সাইকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসবেন বলে জানা গেছে।
এফএআর/এমএমকে