৩৪ হাজার ফুট উচ্চতায় প্রসব বেদনা, উড়োজাহাজেই সন্তান জন্ম দিলেন নারী
ইতালির রোমগামী একটি উড়োজাহাজে ৩৪ হাজার ফুট উচ্চতায় হঠাৎ প্রসব বেদনা উঠলে আকাশেই সন্তান জন্ম দিয়েছেন এক নারী, যা আকাশপথে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে। ব্রিটিশ গণমাধ্যম দ্য মেট্রো এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকার থেকে ইতালির রোমগামী আইটিএ এয়ারওয়েসের ফ্লাইট এজেড৮৫৫-তে এই ঘটনা ঘটে। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর কেবিন ক্রুরা জানতে পারেন, সাত মাসের অন্তঃসত্ত্বা এক যাত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে ও তিনি সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুরা ওই নারীকে প্লেনের একটি নিরিবিলি স্থানে নিয়ে যান ও যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক থাকলে সাহায্যের আহ্বান জানান। এ সময় একজন চিকিৎসক ও একজন নার্স এগিয়ে এসে পরিস্থিতির দায়িত্ব নেন। তাদের সহায়তায়, আকাশেই সফলভাবে সন্তান জন্ম দেন ওই নারী। প্রসবের পর মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানায় দ্য মেট্রো।
পরবর্তী সময়ে এ ঘটনাকে বিরল ও বিশেষ বলে উল্লেখ করে আইটিএ এয়ারওয়েস। সংস্থাটির ভাষ্য, তাদের কোনো ফ্লাইটে এটাই প্রথমবার আকাশে কোনো শিশুর জন্ম হলো। নবজাতকের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা জানিয়েছে তারা। এদিকে, জরুরি মুহূর্তে পেশাদারিত্ব দেখানোর জন্য নিজ কর্মীদেরও প্রশংসা করার পাশাপাশি সহায়তায় এগিয়ে আসা দুই যাত্রীকে ধন্যবাদ জানায় আইটিএ।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা সরবরাহকারী ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, পশ্চিম সাহারা ও মৌরিতানিয়ার মাঝামাঝি আকাশে অবস্থান করার সময় উড়োজাহাজটি ঘুরে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলটরা ডাকারেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে প্লেনটি নিরাপদে ব্লেইজ ডিয়াগনে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি সামাল দেওয়ার পর একই উড়োজাহাজ আবার যাত্রা শুরু করে ও পরে রোমে পৌঁছায়।
সূত্র: দ্য মেট্রো
এসএএইচ