ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। গত ১ মে থেকে এই রুটের সকল পরিবহনে ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
বাস মালিকপক্ষের দাবি, সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া ৫৮ টাকা হওয়ার কথা। সেই টাকা থেকে তারা তিন টাকা কমিয়ে ৫৫ টাকা করে ভাড়া নিচ্ছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসবসহ সকল পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে সরকারের পক্ষ থেকে কিলোমিটার প্রতি ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত দেওয়া হয়। ফলে কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বৃদ্ধি হয়ে ভাড়া নির্ধারিত হয় কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা।

এ বিষয়ে উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গত ১ মে থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক আমাদের বাস ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করে দিয়েছিলেন। আমরা সেই ৫ টাকাই বৃদ্ধি করেছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২০ কিলোমিটার, সেই সঙ্গে জনপ্রতি ৫ টাকা ফ্লাইওভারের টোল হিসাব করলে ভাড়া দাঁড়ায় ৫৮ টাকা। কিন্তু এখন পরিস্থিতি ভালো না, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে আমরা ৫৮ টাকা না করে ৫৫ টাকা রেখেছি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির বলেন, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, তারা বাস ভাড়া বাড়িয়েছে। আমরা যাচাই করে দেখবো, তারা যে বাস ভাড়া বাড়িয়েছে— সেটা সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেশি নাকি কম। যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস