রাশিয়ার ‘ভিক্টরি ডে’

ট্রাম্পের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পুতিন-জেলেনস্কি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৯ মে ২০২৬
ফাইল ছবি

রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে তিন দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের ভাষায়, এটি দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তির ‘সূচনা’ হতে পারে।

শুক্রবার (৮ মে) হোয়াইট হাউস থেকে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি অনুরোধ করেছিলাম এবং প্রেসিডেন্ট পুতিন সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিও সম্মত হয়েছেন-উভয়েই দ্রুত রাজি হয়েছেন। কিছু সময়ের জন্য তারা মানুষ হত্যা করবে না, এটা খুবই ভালো।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মরণে শনিবার রাশিয়ার ‘ভিক্টরি ডে’ পালিত হয়।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক হামলা বন্ধ থাকবে এবং উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে।

যদিও রাশিয়া শুক্রবার (৮ মে) ও শনিবারের (৯ মে) জন্য আগেই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তবে তা দ্রুত ভেস্তে যায়। উভয় পক্ষই একে অপরকে হামলা চালানোর অভিযোগ করে। এর আগে ইউক্রেনের একতরফা যুদ্ধবিরতিও একইভাবে ব্যর্থ হয়েছিল।

ট্রাম্প দাবি করেন, তিনি সরাসরি দুই নেতার সঙ্গে কথা বলে এই সমঝোতা করেছেন। তিনি বলেন, আশা করি এটি দীর্ঘ, কঠিন ও প্রাণঘাতী যুদ্ধের শেষের শুরু হবে।

এদিকে জেলেনস্কি বলেন, যুদ্ধবন্দিদের মুক্তির সম্ভাবনা ইউক্রেনকে আলোচনায় অংশ নিতে উৎসাহিত করেছে। তিনি টেলিগ্রামে লেখেন, রেড স্কোয়ারের চেয়ে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের জীবন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

পরে জেলেনস্কি একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে রাশিয়াকে ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজ আয়োজনের অনুমতি দেন এবং ওই সময়ে রেড স্কোয়ারে হামলা না করার ঘোষণা দেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ এটিকে ‘হাস্যকর রসিকতা’ বলে উড়িয়ে দেন।

জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে এবং তিনি আশা করছেন, ওয়াশিংটন রাশিয়াকে চুক্তির শর্ত মানতে বাধ্য করবে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোম সফরের সময় বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এখনো ফলপ্রসূ অগ্রগতি আনতে পারেনি এবং আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।