মোদি-ওবামা বৈঠক: ৭ বিষয়ে ঐকমত্য


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় নেতা সাতটি বিষয়ে পারস্পরিক সহযোগিতায় ঐকমত্য পোষণ করেছেন।

বৈঠকের পর নরেন্দ্র মোদি ও বারাক ওবামা এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐকমত্যের বিষয়গুলো তুলে ধরেন।

মোদি বলেন, ‘আমাদের মধ্যে পারমাণবিক চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পরস্পরের প্রতি আস্থা বৃদ্ধির এক নতুন অধ্যায় সূচিত হল। এ চুক্তির ফলে অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়বে এবং নিরাপদ জ্বালানীর ক্ষেত্র সম্প্রসারিত হবে।’ এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বৈঠকে আমরা আমাদের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমাদের দেশীয় প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ হবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর সম্প্রসারিত হবে।’ এ ছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির আওতা বৃদ্ধিসহ সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর ব্যাপারেও দুই নেতা একমত হয়েছেন বলে উল্লেখ করেন মোদি।

সন্ত্রাস দমনে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার ব্যাপারে দুই নেতা এক হয়েছেন উল্লেখ করে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদ এখন বিশ্বের প্রধান হুমকি। বিদ্যমান কৌশলের পাশাপাশি সন্ত্রাসীরা এখন তাদের ধরন পাল্টিয়েছে। এ অবস্থায় সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আমরা একমত হয়েছি।’

এ ছাড়া পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুই দেশের নিরাপত্তা বিষয়ে হটলাইন প্রতিষ্ঠার ব্যাপারেও তারা একমত হয়েছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।