সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ০১ মে ২০২৬
ছবি: জাগো নিউজ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

কারচুপির শঙ্কায় স্ট্রংরুম পাহারায় তৃণমূল, পাল্টা জমায়েত বিজেপির

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সবার নজর আগামী ৪ মে’র ফল ঘোষণার দিকে। তবে গণনায় কারচুপির আশঙ্কায় দলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশে কলকাতার বিভিন্ন গণনা কেন্দ্র ও স্ট্রংরুম চত্বরে অবস্থান নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এর পাল্টা হিসেবে বিজেপিও ময়দানে নামায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

অবিলম্বে গৃহবন্দি সু চি’র মুক্তি চায় যুক্তরাষ্ট্র

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক জান্তা তাকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় নেওয়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার (১ মে) এই আহ্বান জানায় ওয়াশিংটন। পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে আটক করা হয়েছিল।

কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে গেলো মার্কিন যুদ্ধজাহাজ

মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বেশ কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন ও চলার কার্যক্ষমতা বন্ধ অবস্থায় ছিল। নৌবাহিনীর এক বিবৃতিতে এই ঘটনাকে তাদের বৈদ্যুতিক ব্যবস্থার ‘কারিগরি বিপর্যয়’ বলে উল্লেখ করা হয়েছে।

ইরান যুদ্ধে সমর্থন দেওয়া সব দেশকেই জবাবদিহির আওতায় আনতে হবে

যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রেখেছে বা সহযোগিতা করেছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। শুক্রবার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।

ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ

চলতি বছর গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের তিন ধাপ অবনতি হয়েছে। এ বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৩১ দশমিক ৯৬ স্কোর নিয়ে ১৫৭ তম স্থানে ও পাকিস্তান ৩২ দশমিক ৬১ স্কোর নিয়ে ১৫৩ তম স্থানে রয়েছে।

মেঘভাঙা বৃষ্টি কী? কেন এটি এত ভয়াবহ? কারণ ও প্রতিরোধের উপায়

আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, কোনো ছোট এলাকায় (এক থেকে দশ কিলোমিটার বিস্তৃত) এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বলে চিহ্নিত করা হয়। এদিকে, ভারতের আবহাওয়াবিদরা মেঘভাঙা বৃষ্টি বলতে বোঝান- ৩০ বর্গকিলোমিটার বা তার কম এলাকায় প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়া। তবে এর পেছনে জটিল প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে।

জ্বালানি সংকটেও বিদ্যুৎ উৎপাদনে নিশ্চিন্ত যেসব দেশ

বিশ্বজুড়ে যখন জীবাশ্ম জ্বালানির আকাশচুম্বী দাম আর সরবরাহ সংকট নিয়ে হাহাকার, তখন এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আইসল্যান্ড, প্যারাগুয়ের মতো দেশগুলোতে, এমনকি আমাদের প্রতিবেশী নেপাল-ভুটানেও। যেখানে তেলের দাম বাড়লে বা গ্যাসের সংকট হলে অন্য দেশগুলোর উৎপাদন ব্যবস্থা থমকে যায়, সেখানে এই দেশগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উৎস ব্যবহার করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করছে। জ্বালানি নিরাপত্তার এই দৌড়ে নবায়নযোগ্য শক্তিই এখন তাদের তুরুপের তাস।

শ্রমিকদের কল্যাণ যেন অবহেলিত না হয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশের বড় বড় কোম্পানি ও কংগ্লোমারেটগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিপুল মুনাফার আড়ালে যেন শ্রমিকদের কল্যাণ কোনোভাবেই অবহেলিত না হয়। শুক্রবার (১ মে) জাতীয় পর্যায়ে শ্রমিক দিবস উদযাপন অনুষ্ঠানে ১৫ হাজারেরও বেশি কর্মজীবী মানুষের উপস্থিতিতে তিনি এ বক্তব্য দেন।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।