ভারতের শীর্ষ ধনী সাংভি
মুকেশ আম্বানিকে টপকে এবারে ভারতের শীর্ষ ধনী হয়েছেন দিলীপ সাংভি। সম্প্রতি ফোর্বস সাময়িকীতে প্রকাশিত ধনীদের সর্বশেষ তালিকা থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি।
খবরে বলা হয়, তেলের দাম কমে যাওয়ায় ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পদের ওপর প্রভাব পড়েছে। ফোর্বস-এর হিসেবে তাঁর সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলারের চেয়ে একটু বেশি। আর এই সুযোগে ২ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনীর আসনে বসলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক দিলীপ সাংভি।
ফোর্বস-এর তথ্যমতে, ৫৭ বছর বয়সী মুকেশ আম্বানি টানা আট বছর শীর্ষ ধনী ছিলেন। মুম্বাইয়ে তিনি যে ২৭ তলা বিলাসবহুল বাড়িতে থাকেন, এর মূল্যই শতকোটি ডলার। তাঁর আয়ের মূল উৎস পেট্রকেমিক্যালস ও পরিশোধিত তেল। তিনি ফোর্বস-এর তালিকায় ৪২তম স্থানে রয়েছেন। ৫৯ বছর বয়সী দিলীপ সাংভি তালিকার ৩৭তম অবস্থানে রয়েছেন।
এ বছর বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের ধনসম্পদের পরিমাণ আরও বেড়েছে। সম্পদের মোট মূল্য ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি, এমন ধনীর সংখ্যা এখন এক হাজার ৮২৬ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৬৪৫ জন। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বা বিলিয়নিয়ার ব্যক্তিদের বার্ষিক এই তালিকার শীর্ষস্থানে আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল উইলিয়াম গেটস। এ নিয়ে তিনি এই তালিকায় ২১ বারের মধ্যে ১৬ বারই প্রথম হন।
এএইচ/আরআই