ড. ইউনুসের দেখানো পথে ভারতের অর্থনীতি


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৮ মার্চ ২০১৫

তৃণমূল মানুষের সমস্যার সমাধানে সবচেয়ে কার্যকর উপায়টি বের হয়ে আসতে পারে সমস্যার মধ্যে থাকা মানুষগুলোর ভেতর থেকেই। এই ধারণাটিকেই ভারত সরকার উস্কে দিতে সামনে আনলেন বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুসের দৃষ্টান্ত।

ড. ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্পকে তৃণমূল মানুষের ভাগ্য বদলে দেওয়ার উদাহরণ হিসেবে দেখিয়ে ভারত সরকার উৎসাহ দিচ্ছে সাধারণ মানুষের নিজেদের ভেতর থেকেই বের হয়ে আসা সমাধানের ছোট ছোট অর্থনৈতিক উদ্ভাবনকে। আর এর মাধ্যমেই ভারতের অর্থনীতি আগামীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টি নেবে বলেও দাবি করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

শনিবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হওয়া `উদ্ভাবনকে অর্থনৈতিক ‌উন্নয়নে অন্তর্ভুক্ত করা`র ওপর বৈশ্বিক গোলটেবিল বৈঠকে প্রণব মুখার্জি এ কথা বলেন। বৈঠকে এসময় উপস্থিত ছিলেন ড. মুহম্মদ ইউনুসও।

প্রণব বলেন, গড়ে তোলার ভারত, পরিচ্ছন্ন ভারত এবং সবার অন্তর্ভুক্তির ভারত গড়তে হলে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে একে গতিশীল করা জরুরী। আর এক্ষেত্রে ড. ইউনুসের দেখানো পথে তৃণমুল মানুষের নিজেদের ভাগ্য ফেরানোর অর্থনৈতিক উদ্ভাবন প্রকল্পগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমাদের বিশ্বাস। একারণে এই প্রকল্পগুলোতে বিনিয়োগ এবং অর্থ-যোগানকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

‘মাইক্রো-ভেনচার ইনোভেশন ফাইন্যান্স’ নামে এই উদ্যোগ ইতোমধ্যেই ভারতে ‘হানি বি নেটওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন’ নামে শুরু হয়েছে বলে জানান প্রণব মুখার্জি।

ভারতে তৃণমূল মানুষের নিজস্ব উদ্ভাবনের একটি পুরাতন ঐতিহ্য আছে উল্লেখ করে প্রণব বলেন, ড. ইউনুস এক্ষেত্রে আদর্শ দৃষ্টান্ত কীভাবে সাধারণ মানুষের নিজস্ব উদ্ভাবন আর প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সমন্বয় করে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।