যুক্তরাজ্যে যাওয়ার পথে নৌকায় দুই নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৩ মে ২০২৬
ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা/ ছবি: এএফপি (ফাইল)

যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে উত্তর ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া একটি ছোট নৌকায় দুই তরুণীর মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কর্মকর্তাদের মতে, প্রায় ২০ বছর বয়সী ওই দুই নারী সুদানের নাগরিক হতে পারেন। তারা ৮২ জন আরোহী বহনকারী একটি ছোট নৌকায় ছিলেন।

স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ক্রিস্টোফ মারক্স জানান, যাত্রা শুরুর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি ভাসতে থাকে। পরে উদ্ধারকারীরা ১৭ জনকে সমুদ্র থেকে উদ্ধার করে।

অন্যদিকে, নৌকাটিতে থাকা বাকি ৬৫ জন যাত্রীসহ সেটি শেষ পর্যন্ত একটি উপকূলের কাছে আটকে যায়। সেখানেই নৌকার ভেতর থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে এই বিপজ্জনক যাত্রার পেছনে দায়ীদের শনাক্ত করা যায়। একই সঙ্গে নিহতদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

গত এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে ফ্রান্স-যুক্তরাজ্য সীমান্তে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে এপ্রিল মাসে পৃথক দুই ঘটনায় অন্তত ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছিল।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এই রুটে সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে অন্তত ২৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন।

অবৈধ অভিবাসন ঠেকাতে সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্য নতুন তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ফরাসি উপকূলে নিরাপত্তা টহল বাড়ানো হবে এবং ব্রিটিশ সরকার ব্যয়ের অংশ বাড়াবে।

তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, কঠোর নজরদারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসীদের এই যাত্রা বন্ধ হচ্ছে না।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।