মনমোহনকে বাঁচাতে রাজপথে সোনিয়া


প্রকাশিত: ১১:৪০ এএম, ১২ মার্চ ২০১৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমর্থনে রাজপথে নেমেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কয়লা দুর্নীতি মামলায় মনমোহনের বিরুদ্ধে সমন জারির একদিন পর বৃহস্পতিবার নয়াদিল্লিতে সোনিয়াসহ বিভিন্ন দলের নেতারা পদযাত্রা করেছেন। মনমোহনের বাসভবনের কাছেই এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভি ও প্রেস টিভি।

পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সোনিয়া বলেন, সৎ ব্যক্তি হিসেবে মনমোহন সিং কেবল ভারতে নয়, সারাবিশ্বে পরিচিত। আমরা তার পাশে রয়েছি এবং আইনগতভাবে এই মামলার বিরুদ্ধে লড়াই করব।

এনডিটিভি জানায়, মনমোহনের সমর্থনে একটি জোরালো ও স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন সোনিয়া গান্ধী। জ্বরের কারণে কংগ্রেস সভানেত্রী গত কয়েকদিন পার্লামেন্ট অধিবেশনে অনুপস্থিত ছিলেন। এমনকি বুধবার মনমোহনের বিরুদ্ধে সমন জারির পরও কোনো কথা বলেননি। তবে বৃহস্পতিবার তিনি মনমোহনের পক্ষে এই পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামলায় বুধবার ভারতের একটি বিশেষ আদালত মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেন। মনমোহন ছাড়া আসামির তালিকায় অ্যালুমিনিয়াম কোম্পানি হিন্ডালকো, এর চেয়ারম্যান কুমার মঙ্গলাম বিড়লা ও সাবেক কয়লাসচিব পিসি পরখের নাম রয়েছে। আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে তাঁদের।

এদিকে আদালতের সমন হাতে মনমোহন বলেন, খুবই খারাপ লাগছে। কিন্তু এটা জীবনের অঙ্গ। আশা করি আদালতের সামনে নিজের বক্তব্য জানানোর সুযোগ পাব। সত্যের জয় হবেই।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।