অন্ত্যেষ্টিক্রিয়ায় আফগান নারীরা
আফগানিস্তানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রচলিত প্রথা হলো মরদেহ বহন করবেন পুরুষেরা। কবর দেবার সকল প্রথাগত কাজও পুরুষরাই সম্পন্ন করেন। তবে এই প্রথমবারের মতো সেই রীতি ভাঙলেন কাবুলের কিছু নারী।
কদিন আগে গণপিটুনিতে নিহত এক নারীকে এভাবেই মর্যাদা দেন তারা। ফারখুন্দা নামের ঐ নারীকে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা।
এর পর তার মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। মোবাইল ফোনে ধারণ করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে ব্যাপক হারে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
তবে সরকারি এক তদন্তের পর এখন বলা হচ্ছে তাকে ভুলক্রমে অভিযুক্ত করা হয়েছিল। ফারখুন্দার অন্ত্যেষ্টিক্রিয়ায় আসা নারী অধিকার কর্মীরা তার মরদেহের কফিন বহন করেন।
দাফনের আগে তার জন্যে খোঁড়া কবরে শুয়ে তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। শিক্ষাকে পেশা হিসেবে নেবার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন ২৭ বছর বয়সী ফারখুন্দা।
এআরএস/এমএস