গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ইসরায়েলে আটক মানবাধিকার কর্মীদের আরও ২ দিন রিমান্ড আদেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৪ মে ২০২৬
ইসরায়েলের কারাগারে থাকা দুই মানবাধিকার কর্মী

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক দুই মানবাধিকার কর্মীকে আরও দুই দিন রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি আদালত। রোববার (৩ মে) ইসরায়েলি আদালতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আটকৃতদের আইনজীবীরা জানিয়েছেন।

ইসরায়েলি আদালতের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ওই দুই কর্মীর রিমান্ড ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ শুরুতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইজনের চার দিনের রিমান্ড বাড়ানোর আবেদন করেছিল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য মতে, ইসরায়েলি কারাগারে থাকা ওই দুই মানবাধিকার কর্মী হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত স্পেন-সুইডেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলা। বুধবার (২৯ এপ্রিল) রাতে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হন তারা। এরপর তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১০০ জনের বেশি ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীকে গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শুক্রবার এক যৌথ বিবৃতি দেয় স্পেন ও ব্রাজিল সরকার। ওই সরকারি বিবৃতিতে, ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের বিষয়টি অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।

আইনি অধিকার সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের অভিযোগগুলোর মধ্যে রয়েছে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা, বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ, সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ ও সেবা প্রদান এবং সন্ত্রাসী সংগঠনের জন্য সম্পদ স্থানান্তর। তবে তারা দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ব্রাজিল দূতাবাসের তথ্য অনুযায়ী, আভিলা অভিযোগ করেছেন যে ইসরায়েলি হেফাজতে তাকে নির্যাতন, মারধর ও দুর্ব্যবহার করা হয়েছে।

একটি পর্যবেক্ষণাধীন পরিদর্শনে (কাচের দেয়াল দিয়ে আলাদা রাখা হয়) দূতাবাস কর্মকর্তারা আভিলার মুখে আঘাতের চিহ্ন দেখতে পান। এমনকি আভিলাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি। দূতাবাসের কর্তারা জানিয়েছেন, আভিলা বিশেষ করে কাঁধে তীব্র ব্যথা পেয়েছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে আবু কেশেককে স্থানান্তরের আগে সামরিক জাহাজে আটক অবস্থায় শারীরিক নির্যাতন ও গুরুতর হেনস্তার শিকার হতে হয়েছে।

ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ১২ এপ্রিল বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তুরস্কের নেতৃত্বে এবারের নৌ-বহরে ৭০টি জাহাজে ১০০০ এর বেশি কর্মী অংশ নিয়েছে। এই বহরে যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।