কাজ বন্ধ করেছেন জার্মান বিমানকর্মীরা (ভিডিও)
জার্মানিতে একের পর এক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। দেশটির বিমান কর্মীদের অস্বীকৃতি থাকায় ইতোমধ্যে বেশ কয়েকটি বিমান উড্ডয়ন বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা হওয়া এ-৩২০ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে ফ্রান্সের আল্পস পর্বতের উপর ভূপাতিত হয়। খবর দ্যা টেলিগ্রাফ।
আল্পস পর্বতমালার উপর ভূপাতিত জার্মান বিমানটিতে থাকা দেড়শ` জনের কেউই যে জীবিত নেই, সেটা নিশ্চিত করেছে দুর্ঘটনাস্থলে পৌছানো প্রথম তদন্ত দলটি।
বিমানকর্মীদের বিমান পরিচালনা না করার পেছনে কোন আশঙ্কা বা দাবি নেই তাদের। তারা এই ঘটনায় খুবই ব্যথিত। তাই এই মর্মপীড়া থেকে কেউই আগ্রহী হচ্ছেন না বিমান পরিচালনায়। এটা নিতান্তই তাদের ব্যক্তিগত কারণ।
জার্মানির ডুসেলডোর্ফ থেকে অন্যান্য গন্তব্যে বিমান চলাচল করার কথা থাকলেও কোন বিমান আকাশে উড়েনি। স্টুর্টগার্ট থেকেও তিনটি বিমান বাতিল করা হয়। এই অবস্থায় হাজার হাজার বিমান যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন বলে খবর।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থলের উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে ঘটনাস্থলের বীভৎসতার বর্ণনা দিয়েছেন। পুলিশ বলছে, ফ্রেঞ্চ আল্পস পর্বতে খারাপ আবহাওয়ার কারণে, মৃতদেহ উদ্ধার করতে কয়েকদিন লেগে যেতে পারে।
বুধবার অথবা আরো পরের দিকে শুরু হবে উদ্ধার অভিযান। এয়ারবাস এ-৩২০ এর অবশিষ্টাংশের যে ভিডিও-চিত্র তোলা হয়েছে, তাতে বিমানটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটি পাহাড়ি উপত্যকার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে।
বিমানের একটি ব্ল্যাকবক্স এরই মধ্যে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শীঘ্রই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ জার্মানি ও স্পেনের নেতাদের নিয়ে ঘটনাস্থল দেখতে যাবেন বলে কথা রয়েছে।
এমজেড/আরআইপি