বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া-জর্দান চুক্তি
জর্দানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এ বিষয়ে দু`দেশের মধ্যে একটি সমঝোতা পত্র সই করেছে। এক হাজার কোটি ডলারের এ চুক্তি অনুযায়ী জর্দানে দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে এবং এগুলো হবে আরব বিশ্বের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট এবং এতে জর্দানের বিদ্যুৎ চাহিদা পুরোপুরি মিটে যাবে এমনকি সিরিয়া ও ইরাকেও বিদ্যুৎ রফতানির অবকাশ তৈরি হবে। এ চুক্তি অনুযায়ী প্রথম কেন্দ্রটি ২০২৪ ও দ্বিতীয়টি ২০২৬ সালের মধ্যে নির্মিত হবে।
জর্দানের আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান খালেদ তোকান এবং রাশিয়ার রোসাতোম স্টেট এনার্জি কর্পোরেশনের সের্গেই কিরিইয়েনকো এই সমঝোতা স্মারকে সই করেছেন।
খালেদ তোকান বলেন, ইরাক থেকে তেল পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে একইভাবে সরবরাহ বন্ধ হয়ে গেছে মিশর থেকে প্রাকৃতিক গ্যাসের ফলে প্রতিবছর জর্দানকে গচ্ছা দিতে হচ্ছে তিনশ’ কোটি ডলার সমপরিমাণ অর্থ। এ অবস্থায় জর্দান একটি অত্যাধুনিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় যা মধ্যপ্রাচ্যের জন্য আদর্শ স্থানীয় হয়ে উঠবে।
পরমাণু শক্তি ব্যবহার করেই কেবলমাত্র তেল-গ্যাসের ওপর নির্ভরতা থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম জর্দান থেকেই পাওয়া যাবে।
বিএ/আরআইপি