রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

টানা ৬ ঘন্টা জেরা শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন কলকাতার রোজভ্যালি রিয়েল এস্টেটের কর্ণধার গৌতম কুণ্ডু। রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

প্রায় ১৫ হাজার কোটি টাকা বেআইনি ভাবে তোলা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সেবির নিষেধাজ্ঞা সত্বেও বেআইনিভাবে টাকা সংগ্রহ করছিল রোজভ্যালি। কিন্তু কত টাকা বাজার থেকে তুলেছে রোজভ্যালি তার কোনো সদুত্তর দিতে পারেননি গৌতম কুণ্ডু। আর তাতেই ক্ষেপে গিয়ে গৌতমকে গ্রেফতার করেছে ইডি।

ভারতে রোজভ্যালি কেলেঙ্কারি আলোচিত একটি বিষয়। এর সাথে নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। রোজভ্যালির কর্ণধার এই গৌতম কুণ্ডুই একসময় প্রকাশ্যে স্বীকার করেছেন, ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল!

কালিম্পংয়ের বন বাংলো ডেলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বৈঠক হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। বিরোধীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে, দুই লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে কী কারণে কালিম্পংয়ে গিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যাঁরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে অভিযোগ, একমাত্র কুণাল ঘোষ বাদে সবাই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে সবাইকে চমকে দিয়ে প্রথমবার টেলিফোনে কলকাতার এক পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় রোজভ্যালির কর্ণধার স্বীকার করে নেন ডেলোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাত হয়েছিলো বলে।

এরপর শাসকের অস্বস্তি আরও বাড়িয়ে ইডির জেরার পর আবারো ডেলোর বৈঠকে সিলমোহর দেন রোজভ্যালি কর্ণধার। ডেলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি রোজভ্যালির মালিক স্বীকার করে নেওয়ায় বিরোধীদের হাতে আরও বড় অস্ত্র চলে আসে। সেই গৌতম কুণ্ডুকেই বুধবার গ্রেফতার করল ইডি।

গৌতম কুন্ডুর বিলাসি জীবন যাপন
গ্রেফতার হওয়া গৌতম কুণ্ডুর বিলাসবহুল জীবনযাপন চমকে দেবে অনেক বিত্তশালীকেও! চোখে স্টাইলিশ চশমা। হাতে দামি ঘড়ি। দামি পোশাক। তার একাধিক গাড়ির সমাহার। তারমধ্যে আছে চোখ ধাঁধানো রোলস রয়েজ। এই মডেল গোটা পূর্বাঞ্চলে ওই একটাই!

বিতর্কিত এই মানুষটির অবাধ যাতায়াত সিনেমা জগতে। বিলাস বহুল পার্টি থেকে খেলার মাঠ, কর্পোরেট বক্সেও তিনি থাকেন মধ্যমণি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।