সম্পর্ক ভেঙে যাওয়ায় বিমান ধ্বংস!
জার্মানউইংয়ের কো-পাইলট অন্দ্রেজ লুবিটজ প্রেমে ব্যর্থ হয়ে ইচ্ছাকৃত বিমানটি ধ্বংস করেছেন বলে ধারণা করছে পুলিশ। জার্মান পুলিশ ইতোমধ্যেই ডাচেলফোর্ডে লুবিটজের ফ্ল্যাটে তল্লাশী চালিয়েছে। সেখান থেকে পুলিশ এমন কিছু আলামত সংগ্রহ করেছে, যেগুলো প্রমাণ করে ব্যক্তিগতভাবে বিমর্ষ সময় কাটাচ্ছিলেন এই পাইলট। খবর বিবিসি।
পুলিশের সংগ্রহকৃত আলামত প্রমাণ করে, অতি সম্প্রতি ২৮ বছর বয়সী এই পাইলটের প্রেমের সম্পর্কটি ভেঙে গিয়েছিলো। এ নিয়ে রীতিমত বিধ্বস্ত ছিলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এসব তথ্য প্রকাশ করা হয়।
পুলিশের দাবি, ওই ফ্ল্যাট থেকে তারা বিশেষ একটা জিনিস পেয়েছেন। লিখিত এক নোটে লুবিটজ ওই বিশেষ জিনিসটি তার বান্ধবীকে দেয়ার অনুরোধ করেছেন। তবে এটি কোনো সুইসাইড নোট নয়, এ ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ।
জার্মান পুলিশের উদ্বৃতি দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, লুবিটজ এ বিমর্ষতা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। একদিন আগেই লুবিটজের উর্ধ্বতন কর্মকর্তা তাকে বলেছিলেন, তার এখন নিরাপদে থাকা উচিত। এই মুহূর্তে তার বিমান চালানোটা ঠিক হবে না। কিন্তু এটিও ঠিক যে, বিমান চালানোর জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষায় উতরে গিয়েছিলেন তিনি। এসব পরীক্ষায় সফল হওয়ার পরই তাকে বিমান পরিচালনার উপযুক্ত ঘোষণা করা হয়েছিলো।
এএইচ/পিআর