ইয়েমেনে চিকিৎসা সামগ্রী পাঠানোর অনুমোদন পেল রেডক্রস
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চিকিৎসা সামগ্রী পাঠানোর অনুমোদন পেয়েছে রেডক্রস। সিতারা জাবিন নামের রেডক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর সাথে একটি সমঝোতায় পৌঁছার পরই তারা আশা করছেন সোমবারের মধ্যে দুটি বিমান রাজধানী সানায় পৌঁছাতে পারবে।
প্রাথমিকভাবে দু’টি বিমান প্রবেশের অনুমোদন দেয়া হয়েছে। এই বিমান দু’টির মধ্যে একটি কার্গো, যেটিতে থাকবে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। আর অন্যটি যাত্রীবাহী ছোটো বিমান, যেটিতে থাকবেন স্বাস্থ্যকর্মীরা।
তবে সৌদি নেতৃত্বাধীন বাহিনী একের পর এক আক্রমণ করে শিয়া হুতি বিদ্রোহীদের পরাস্ত করার চেষ্টা করলেও এডেন শহরে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়িয়েছে বিদ্রোহীরা।
প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাদির অনুগত সৈন্যরাও শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।
যুদ্ধের কারণে মানবিক সংকট ঘনীভূত হওয়ায় ইয়েমেন থেকে বিদেশী নাগরিকদেরকে সরিয়ে নিতে শুরু করেছে চীন, ভারতসহ বিশ্বের নানান দেশ। এদিকে বাংলাদেশও ইয়েমেন থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
এসএস/এআরএস/পিআর