নেতাজির রহস্য প্রকাশে আশ্বাস মোদীর
জার্মানির বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন নেতাজি সুবাস চন্দ্র বোসের প্রপৌত্র সূর্যকুমার বোস। এ সময় মোদীকে নেতাজি-সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের অনুরোধ জানান সূর্যকুমার। স্বাধীনতার পর নেতাজির পরিবারের ওপর নজরদারি নিয়েও আলোচনা করেন এ দুজন। মোদী এ সময় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুটি গোপন ফাইল থেকে জানা যায়, ১৯৪৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নেতাজির পরিবারের ওপর নজর রেখেছিল জওহরলাল নেহরু সরকার। আর সেটা হয়েছে নেহরুর নির্দেশেই।
গত সপ্তাহেই একটি ইংরেজি পত্রিকায় এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যায়। তোলপাড় হয় গোটা বিশ্ব। বিতর্কের গনগনে আঁচ লাগে নেতাজি পরিবারের গায়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নেতাজি-সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের দাবি জানানোর ভাবনা শুরু হয়ে যায় বোস পরিবারে। বার্লিনে মোদির সঙ্গে সূর্যকুমারের সাক্ষাতে সেই ভাবনারই বাস্তবায়ন ঘটল। সূর্যকুমার বার্লিনে ইন্দো-জার্মান অ্যাসোসিয়েশনের সভাপতি। সূত্র : পিটিআই, আনন্দবাজার।
বিএ/আরআই