দুর্নীতির অভিযোগে রাজাপাকসেকে তদন্ত সংস্থায় তলব
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থায় হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ তদন্তে তাকে তলব করা হয়েছে বলে সোমবার দেশটির পার্লামেন্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
রাজাপাকসের সহযোগীরা জানান, দুর্নীতি তদন্ত কমিশনে বৃহস্পতিবার ৬৯ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি দেশটির দুর্নীতিবিরোধী কমিশন।
রাজাপাকসের সমর্থকেরা পার্লামেন্টের স্পিকার চামাল রাজাপাকসের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এখনই এ ধরনের তদন্ত বন্ধ করতে স্পিকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, স্পিকার রাজাপাকসের বড় ভাই।
রাজাপাকসে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে বিরোধী দলের এক জ্যেষ্ঠ সদস্যকে নিজের দলের টানতে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে রাজাপাকসে তার এক সময়ের মিত্র মাইত্রিপালা সিরিসেনার দলের কাছে পরাজিত হন।
ক্ষমতায় এসে সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তবে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রাজাপাকসেকে।
দুর্নীতির অভিযোগে বুধবার দুর্নীতিবিরোধী কমিশনের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রাজাপাকসের ছোট ভাই গোটাভায়া রাজাপাকসেকে। তিনি ভাইয়ের শাসনামলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিএ/এমএস