নৌডুবি : শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয়ের আহ্বান জাতিসংঘের


প্রকাশিত: ১১:০৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

ভূমধ্যসাগরে নৌযান ডুবির ঘটনায় ৭শ’র বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কার পর শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

লিবিয়া উপকূলে এ নৌযান ডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে রোববার এ আহ্বান জানান তিনি।  

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ দুর্ঘটনা।
এ সংকট মোকাবেলায় সংহতি এবং বোঝা ভাগাভাগি করে নেয়ার জন্য বান কি-মুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভূমধ্যসাগর অতিক্রম করার সময় এ বছর কমপক্ষে ১ হাজার ৬শ’ লোকের প্রাণহানি ঘটেছে। এতে আশ্রয় প্রার্থী ও অভিবাসীদের ব্যবহৃত এ নৌপথ বিশ্বের সবচেয়ে প্রাণহানিকর নৌপথে পরিণত হয়েছে।

এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মাধ্যমে সমুদ্রে কেবলমাত্র উদ্ধার তৎপরতা জোরদার করলেই হবে না বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের কারণে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ায় তাদের আশ্রয়ের অধিকার নিশ্চিত করতে হবে।

দরিদ্রতা ও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে অনেক লোক পালিয়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোকে অভিবাসীদের ঢল মোকাবেলা করতে হচ্ছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।