আমেরিকায় আবারও মন্দিরে হামলা
গত তিন মাসের মধ্যে তৃতীয়বারের মতো মন্দিরে হামলার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। উত্তর টেক্সাসের ওল্ড লেক হাইল্যান্ড এলাকার ওই হামলার পর মন্দিরের দেয়ালে খারাপ ছবি এঁকে অপবিত্র করেছে দুষ্কৃতিকারীরা।
ওই মন্দিরের বোর্ডের সদস্য কৃষ্ণ সিংহ জানান, সোমবার গোটা ঘটনাটি তাদের নজরে আসে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো সম্প্রদায়ই এই ধরণের ঘটনায় ক্ষুব্ধ।
সূত্রে জানা যায়, এই ঘটনার তদন্তে স্থানীয় প্রশাসন গোয়েন্দা বাহিনী নিযুক্ত করেছে। সন্দেহভাজনদের খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছে তারা।
ওই মন্দিরের ভক্তরা দুষ্কৃতিকারীদের হামলা থেকে রেহাই পেতে মন্দির চত্বর ঘিরে দিয়েছে। হিন্দু ও অ-হিন্দু উভয় সম্প্রদায় মিলেই মন্দির পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে দুটি মন্দিরে এই ধরণের হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা।
একে/আরআই