গাজায় ইসরাইলের ট্যাঙ্ক হামলা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক হামালা চালিয়েছে। ফিলিস্তিন এলাকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা সেখানে এ হামলা চালায়। শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানায়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকার উত্তরে ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্যকরে রাতে হামলা চালায়।

গাজার জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, ইসরাইলি বাহিনীর এ হামলায় কেউ আহত হয়নি। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জবাবে সেখানে তাদের ট্যাঙ্ক হামলা চালানোর খবর নিশ্চিত করেছে।

আন্তঃসীমান্ত রকেট হামলা বন্ধের লক্ষ্য নিয়ে ইসরাইল গত গ্রীষ্মে গাজায় কার্যত ক্ষমতায় থাকা হামাসের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ৫০ দিনের ওই সংঘাতে ২ হাজার ১৪০ জন ফিলিস্তিনি এবং ৭৩ জন ইসরাইলি নাগরিক নিহত হন।

উল্লেখ্য, ফিলিস্তিনি নাগরিকদের অধিকাংশ বেসামরিক নাগরিক এবং ইসরাইলিদের বেশির ভাগই সৈন্য ছিল।

গত ২৬ আগস্ট অস্ত্র বিরতি কার্যকরের পর গত ডিসেম্বর মাসে ইসরাইলি সামরিক বাহিনী প্রথমবারের মতো গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।

গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূ-খণ্ডে রকেট হামলা চালানোর পর তারা এ বিমান হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এসব হামলায় কোনো পক্ষের কেউ আহত হয়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।