নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত ক্যামেরন


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৯ মে ২০১৫

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে আবারও নিরঙ্কুশ বিজয়ের পর মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মন্ত্রিসভা গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে জর্জ অসবোর্নকে ফের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ক্যামেরন। এ ছাড়া থ্রেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী, ফিলিপ হ্যামন্ড পররাষ্ট্রমন্ত্রী এবং মাইকেল ফ্যালন প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই থাকছেন।

এ ছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী ভিন্স ক্যাবল, স্কুলমন্ত্রী ডেভিড লস এবং ট্রেজারি বিভাগের চিফ সেক্রেটারি ড্যানি আলেকজান্ডারের জায়গায় নতুন করে নিয়োগ দিতে হবে। কেননা এরা সবাই নির্বাচনে হেরে গেছেন।

এদিকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর  ব্রিটিশ জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন ক্যামেরন। তিনি বলেন, এক ব্রিটেন বা এক জাতি হিসেবে সরকার পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে কথা বলেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন লাভ করেছে। যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি। কেননা দেশটিতে এককভাবে সরকার গঠন করতে হলে ৬৫০ আসনের মধ্যে ৩২৬টি আসন পেতে হয়।

২০১০ সালের নির্বাচনের চেয়ে দলটি এবার ২৪টি আসন বেশি পেয়েছে। এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড, নিক ক্লেগ ও নিগেল ফারাগ শুক্রবার ফল ঘোষণার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে লেবার পার্টি পেয়েছে ২৩২টি আসন। এ ছাড়া এসএনপি ৫৬, প্লেইড কিম্রু ৩, ইউকেআইপি ও দ্যা গ্রিন পার্টি ১টি করে এবং অন্যরা পেয়েছে ১৯টি আসন। সূত্র : বিবিসি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।