ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উ.কোরিয়ার
ডুবোজাহাজ থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের (এসএলবিএম) সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এ প্রযুক্তির মধ্য দিয়ে পরমাণু যুদ্ধের সময় দ্বিতীয় দফা হামলার ক্ষমতা অর্জন করলো দেশটি। এ পরীক্ষা ব্যক্তিগতভাবে নজরদারি করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
নতুন এ ক্ষেপণাস্ত্র তৈরিকে স্বাগত জানিয়ে তিনি একে বিশ্বপর্যায়ের কৌশলগত অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর দিয়েছে।
অবশ্য, এসএলবিএম সক্ষমতা পুরোমাত্রা অর্জন করতে পারলে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি নতুন পর্যায়ে পৌঁছাবে। দেশটি কোরীয় উপদ্বীপের অনেক বাইরে পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন করতে পারবে এবং পরমাণু আক্রমণ চালালে তার বিরুদ্ধে ডুবোজাহাজ থেকে প্রতিশোধমূলক হামলা চালাতে দেশটির কোনো অসুবিধা হবে না।
অবশ্য, এ পরীক্ষা বিষয়ে স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের ওপর জাতিসংঘ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ পরীক্ষা মধ্য দিয়ে তাও লঙ্ঘন করা হয়েছে।
বিএ/এমএস