রাশিয়ায় শত কোটি ডলার বিনিয়োগ চীনের!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শত কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে চীন সরকার। মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন পুতিন।
নাৎসি বাহিনীর পরাজয়ের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মস্কো সফর করছেন প্রেসিডেন্ট শি। পুতিন সাংবাদিকদের জানান, তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান এবং মস্কো মধ্যে দ্রুতগতির রেলওয়ে খাতে চীন ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে।
এ ছাড়া, রুশ পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোখোলোভ জানান, রাশিয়া ও চীন একটি প্রকল্পে ১৯৭০ কোটি ডলার বিনিয়োগ করবে এবং এ প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে।
জ্বালানি, বাণিজ্য এবং অর্থনৈতিক সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি সই করেছেন পুতিন এবং শি। এ ছাড়া চীনের সিল্ক রোড সংক্রান্ত একটি চুক্তিও এর মধ্যে রয়েছে। এদিকে দু’দেশের কৃষি খাতের উন্নয়নে ২০০ কোটি ডলার তহবিলও গঠন করেছে মস্কো ও বেইজিং।
বিএ/আরআই