নিউজিল্যান্ডে হিমবাহে চাপা পড়ার ৪২ বছর পর মরদেহ শনাক্ত
নিউজিল্যান্ডে হিমবাহে চাপা পড়ার চার দশক পর এক পর্বতারোহীর মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে।
তারা বলেছেন, ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তুষারধসে ডেভিড এরিক মোয়েন (১৯) নামের ওই পর্বতারোহী চাপা পড়েন। সাউথ আইল্যান্ডের দুর্গম তাসমান হিমবাহে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তার সন্ধানে উদ্ধারকারী দলের সদস্যদের তল্লাশি অভিযান ব্যর্থ হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে ওই এলাকায় মানুষের মরদেহ পাওয়া গেছে। এরপর ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, পরীক্ষার পর জানা যায় মরদেহটি মোয়েনের। বরফে চাপা পড়ায় ৪২ বছর পরও মৃতদেহটি প্রায় অক্ষত রয়েছে।
মোয়েনের বাবা-মা দুজনেই মারা গেছেন। তার বাবা মরদেহটি উদ্ধারের মাত্র কয়েক মাস আগে মারা যান। তবে তার পরিবারের অন্যান্য সদস্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ আরো জানায়, আরো একজনের মরদেহ পাওয়া গেছে। একে শনাক্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মার্চ মাসে হোচটেটার হিমবাহের কাছে একে পাওয়া গিয়েছিল। তবে এতে ‘কিছুটা সময় লাগতে পারে।’
একে/আরআই