টালমাটাল সরকার

এবার কি পদত্যাগ করবেন স্টারমার?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৫ মে ২০২৬
কিয়ার স্টারমার ও ওয়েস স্ট্রিটিং/ ফাইল ছবি: ফেসবুক@স্ট্রিটিং

যুক্তরাজ্যে ক্ষমতা গ্রহণের দুই বছর পার হওয়ার আগেই চরম সংকটে পড়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে ভরাডুবির জেরে এবার পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তার এই আকস্মিক পদত্যাগে লেবার সরকারের ওপর চাপ আরও জোরালো হলো।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ৪৩ বছর বয়সী স্ট্রিটিং। তিনি জানান, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো ‘আস্থা’ নেই। যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির সাম্প্রতিক পরাজয়ের পেছনে স্টারমারের অজনপ্রিয়তাই মূল কারণ।

নেতৃত্ব বদলের হাওয়া ও নতুন সমীকরণ

স্ট্রিটিংয়ের পদত্যাগের পরপরই লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) জশ সাইমনসও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামকে পার্লামেন্টে ফেরার সুযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নেন, যাতে বার্নহাম স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারেন। বার্নহাম এরই মধ্যে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে হাউজ ট্যাক্স ফাঁকির অভিযোগ থেকে কর কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন প্রভাবশালী লেবার নেত্রী অ্যাঞ্জেলা রেনার। এই রায় রেনারের জন্য স্টারমারের বিকল্প হিসেবে নেতৃত্বের লড়াইয়ে নামার পথ সুগম করল বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ছাড়া সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ডও সম্ভাব্য চ্যালেঞ্জারদের তালিকায় রয়েছেন।

চাপের মুখেও অনড় স্টারমার

স্ট্রিটিংয়ের পদত্যাগের পর দ্রুত নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জেমস মারের নাম ঘোষণা করেছেন স্টারমার। একই সঙ্গে চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি পদে লুসি রিগবিকে নিয়োগ দেওয়া হয়েছে। স্ট্রিটিংকে লেখা এক চিঠিতে স্টারমার দুঃখপ্রকাশ করে বলেন, ‘ব্রিটিশ জনগণ সাধারণ নির্বাচনে যে বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করেছিল, তা দূর করতে আমাদের কাজ করে যেতে হবে।’

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, কিয়ার স্টারমার পদত্যাগ করবেন না, বরং দেশ পরিচালনায় মনোযোগ দিচ্ছেন। অর্থমন্ত্রী রেচেল রিভসও সহকর্মীদের সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে নেতৃত্ব বদলের বিশৃঙ্খলা দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।