সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মে ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল
মমতা ব্যানার্জী আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)।
প্রধানমন্ত্রীর প্রতি আস্থা নেই বলে পদত্যাগ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইরানের ‘নতুন নিয়ম’: ইরাকের তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ
নতুন নিয়মের আওতায় চীনা তেলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই ব্যবস্থার কার্যক্রম ১৩ মে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এরই মধ্যে হরমুজ পারাপারে নজর কেড়েছে একটি চীনা সুপারট্যাঙ্কার। ইরাকের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়েছে। বুধবার (১৩ মে) বার্তা সংস্থা ফার্স এবং মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে।
বুধবারের পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৩০ জাহাজ
ইরানের আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, বুধবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে ইরানের অনুমতি নিয়ে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
হরমুজ প্রণালিতে ‘নতুন নিয়ম’ চূড়ান্ত করার দ্বারপ্রান্তে ইরান
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইনি ও আর্থিক প্রণোদনার প্রস্তাবও প্রকাশ করা হয়েছে।
ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ: পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী
ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া এই ঘোষণার ফলে দেশটির ক্ষমতাসীন জোট সরকার কার্যত ভেঙে পড়েছে।
ঐতিহাসিক মন্দির দেখে মুগ্ধ হলেন ট্রাম্প
চীন সফরে এসে ঐতিহাসিক স্বর্গ মন্দির পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে মন্দির পরিদর্শন করেন।
নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষোভ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তীব্র মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
হাম ছড়ানোর কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে যা বলছে ইউনিসেফ
বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে হাম ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার কমে যাওয়ায় শিশুরা বড় ঝুঁকির মুখে পড়ছে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস ছোট শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে।
ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, নয়াদিল্লির নিন্দা
ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।
এমএসএম